গাজীপুরের শ্রীপুরে কাওরাইদ রেললাইনের উপর ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন অবৈধভাবে হাট-বাজার বসায় বেড়েছে বড় ধরনের দুর্ঘটনা । রেল বিভাগ বিভিন্ন সময় এই সড়ক নিরাপদ করতে উদ্যোগ নিলেও এখনও বাজার সরাতে পারেনি। ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের অন্যতম কাওরাইদ রেল ষ্টেশন। এ ষ্টেশনটি প্রায় ১৪০বছরের ঐতিহ্যকে ধারণ করে আজো সেবা দিয়ে আসছে। প্রতিদিন মেইল, কমিউটার ও আন্তঃনগরসহ প্রায় ২৪টি ট্রেন যাতায়াত করে থাকে। আর ঝুঁকিপূর্ণ ভাবে এই রেল লাইন দখল করে হাট-বাজার ও রেলের জায়গার উপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। ঝুঁকি জেনেও রেল লাইনের উপর বসছে হাট-বাজার বসিয়েছে একটি চক্র। রেল বিভাগ লাইনের উপর থেকে বাজার সরিয়ে নেয়ার উদ্যোগে নিলেও অদৃশ্য কারণে তা আলোর মুখ দেখেনি।স্থানীয়রা জানান, কাওরাইদ ইউনিয়নের বাপ্তা, বেলদিয়া, সোনাব, শিমুলতলা, নয়াপাড়া, যোগীরছিট, গলদাপাড়া, হয়দেবপুর, জাহাঙ্গীপুর, নান্দিয়া সাঙ্গুইনসহ পার্শ্ববর্তী ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল, ডুবাইল, শহীদনগর, বড়াই, মাখল, নিগুয়ারী, সুতারচাপুরসহ আশপাশের প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগমে মুখর থাকে কাওরাইদ বাজার। বাজারের পাশেই ১৮৮৫সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় নেয়ার জন্য ঢাকা স্টেট রেলওয়ে ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়াগঞ্জ পর্যন্ত ১৪৪কিলোমিটার মিটারগেজ রেল লাইন স্থাপন করে। এসময় এই লাইনের স্টেশন হিসেবে কাওরাইদ রেলওয়ে স্টেশনের কার্যক্রম শুরু করা হয়। আর এ স্টেশনে বর্তমানে প্রতিদিনই ১২টি আন্তনগর ও লোকাল ট্রেন যাত্রাবিরতিসহ যাত্রী আনা নেয়াসহ যাত্রাবিরতি দিয়ে থাকে। গুরুত্বপূর্ণ এ ষ্টেশনটি পাশে রেল লাইনের উপর বাজার বসাচ্ছে একটি চক্র। এতে ক্রেতা-বিক্রেতারা অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে তাদের উৎপাদিত পণ্য বেচাকেনা করেন। ট্রেন আসার সংকেত পেলে মালামাল রেখে দোকান ত্যাগ করেন। ট্রেন যাওয়ার পরপরই পুনরায় দোকান চালান। রেল বিভাগ বিভিন্ন সময় এসব বাজার উচ্ছেদ করলেও আবার অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে চলে যায়।কাওরাইদ বাজারের ব্যবসায়ী বেলদিয়া গ্রামের আবুল হোসেন বলেন, বাজারটির সামান্য দক্ষিণে রেল ষ্টেশন। রেললাইন দখল করে দীর্ঘদিন ধরে বাজার বসে আসছে। বাজারের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও জনাকীর্ণ জায়গাতে তাদের বিক্রি ভাল হয়। তাছাড়া এখানকার বেশিরভাগ ক্রেতা ও বিক্রেতাই স্থানীয়। তাদের রেলের সময়সূচি অনেকটা মুখস্থ হয়ে গেছে। বাজার রেললাইনের ওপর থাকলেও ট্রেন আসার সময় দোকান রেখে নির্দিষ্ট দূরত্বে চলে যায়। ট্রেন চলে গেলে আবার দোকানে বসে।কাওরাইদ রেল ক্রসিং পাড় হতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মুন্নিকে ধাক্কায় বিদ্যালয়ে যাওয়ার পথে মুন্নী নামের এক স্কুল ছাত্রী মারা যায়। সেই দুঃসহ স্মৃতিকে আগলে ধরে তার সহপাঠীরা কাওরাইদ বাজারে লেভেল ক্রসিং ও রেল লাইনের উপর বাজার সরানোর দাবিতে ২০০৯সাল থেকে কাওরাইদ “লেভেল ক্রসিং বাস্তবায়ন কমিটি”র ব্যানারে আন্দোলন করে আসছে। সেই সংগঠনের নেতা রাহাত আকন্দ জানান, মুন্নীর মৃত্যুর ঘটনা ঘটে আমাদের সামনেই। তখন থেকেই আমরা (মুন্নীর সহপাঠী) লেভেল ক্রসিং, রেল লাইনের উপর বাজার ও রেলের জায়গায় অবৈধ স্থাপনা সরানোর সরানোর দাবিতে আন্দোলন করে আসছিলাম। কিন্তু স্থানীয় প্রভাবশালীর মহলের ইন্ধনে আমাদের দাবি এখনো বাস্তবায়ন হয়নি।তিনি আরও জানান, সপ্তাহে ২ দিন রবি ও বৃহস্পতিবার রেললাইন দখল করে বাজার বসে। রেললাইনের পাশে বিশাল জায়গা জুড়ে সুন্দর একটি মুক্তমঞ্চ থাকলেও বর্তমানে তা চায়ের স্টলের আড়ালে পড়ে গেছে। অন্তত মানুষের জীবনের ঝুঁকির কথা বিবেচনা করে লেভেল ক্রসিং, রেললাইন ঘিরে গড়ে ওঠা বাজার ও স্থাপনা উচ্ছেদ এখন জরুরী।কাওরাইদ রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাষ্টার মো: আনোয়ার হোসেন বলেন, কাওরাইদ রেল ষ্টেশন এলাকায় প্রতিদিনই বাজার বসছে। এতে রেল চলাচল যেমন বিঘ্নিত তেমনি রেলের নিরাপত্তা হুমকি মধ্যে পড়ে। আমি স্থানীয় রেল কর্মী নিয়ে প্রায়ই রেলের উপর বসা বাজার সরানোর উদ্যোগ নিই। কিন্তু স্থানীয়রা আমার কথা না শুনছে না।বাংলাদেশ রেলওয়ের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) কংকন চাকমা বলেন, ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ভাবে বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ একটা চলমান প্রক্রিয়া হিসেবে প্রায়ই রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। দ্রুত ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের ওপর বসানো অবৈধ বাজার উচ্ছেদে অভিযান চালানো হবে।